পর্ষদ সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ মার্চ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর এ সভায় আলোচিত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৫ পয়সা। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯ পয়সা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৬ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮১ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা তিন পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে চার টাকা ২০ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৭ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানির মোট চার কোটি ছয় লাখ ৬৪ হাজার ৯৬৬ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৮ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২০ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ এবং বাকি ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর ১ দশমিক ৪২ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৫ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ৩৫ টাকা ৬০ পয়সা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩৫ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৩৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ১ লাখ ৮০ হাজার ৪৩২টি শেয়ার মোট ৩৬৭ বার হাতবদল হয়। গত এক বছরের মধ্যে শেয়ারদর ২৮ টাকা ৪০ পয়সা থেকে ৬৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।