বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি

প্রতিনিধি, বেনাপোল (যশোর) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার বেনাপোল কাস্টম হাউসে
কলম বিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কলমবিরতি চলে। এর আগে মঙ্গলবার আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের কলম বিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টমস হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করায় স্থবির হয়ে পড়েছে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য, যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, আমরা কলম বিরতি শুরু করেছি। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এ কলম বিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।