প্রতিনিধি, রংপুর : পাখিদের অভয়াশ্রম গড়তে গাছে গাছে তৈরি করা হয়েছে পাখির বাসা, যাতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাসায় নিরাপদে পাখিরা বসবাস করতে পারে। আর এই পাখির বাসা তৈরি করা হচ্ছে পীরগাছা সদর ইউনিয়নের বিভিন্ন গাছে। সেটাও করা হচ্ছে সরকারি অর্থায়নে। ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বড় বড় গাছে ঝুলে আছে হাঁড়ি। এই হাঁড়িগুলো ঝোলানো হয়েছে পাখিদের জন্য, পাখিরা যাতে নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নিতে পারে এ হাঁড়িগুলোকে। পাখিরা এগুলোয় বসবাস শুরু করলে ধীরে ধীরে গড়ে উঠবে পাখির অভয়াশ্রম।
উপজেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে সময়োপযোগী অনেক ধরনের প্রকল্প হাতে নেয়া হয়। তবে এবার সরকারি অর্থায়নে পাখিদের অভয়াশ্রম নির্মাণে বাসা তৈরির ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা পরিষদের এডিপি ও রাজস্ব খাতের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে দুই লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মোড়ে থাকা গাছে এক হাজার পাখির বাসা স্থাপন করা হবে।
পাখির বাসা তৈরির প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফিরোজ হোসেন বলেন, সত্যি বলতে কি, এখন ঝড়-বৃষ্টির সময়। এই ঝড়বৃষ্টিতে পাখির বাসা পড়ে যায়, উড়ে যায় এবং নষ্ট হয়ে যায়, যার কারণে বর্ষাকালে পাখির বসবাসে খুব কষ্ট হয়। তা ছাড়া পাখির নিরাপদ আশ্রয় না থাকায় তাদের বংশ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পাখির নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠুক, সেই চিন্তা থেকে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, প্রকৃতি রক্ষায় এবং পাখির উপযুক্ত বাসস্থান তৈরি জন্য আমরা এ প্রকল্প নিয়েছি, যেন অভয়াশ্রম মনে করে বাসাগুলোয় পাখি বসবাস করতে পারে। আমরা আমাদের প্রকৃতিতে ফিরে যেতে চাই, যাতে করে আমাদের প্রজন্ম পাখিদের নির্বিঘ্নে উড়ে বেড়ানো উপভোগ করতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা চত্বরে পাখির বাসা স্থাপন শুরু হয়। সে সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, এনসিপি নেতা মাহিম, প্রভাষক রফিকুল হাসান প্রমুখ।




