সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজার এলাকায় মঙ্গলবার বিকালে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু, হাসপাতালের বার্ন ইউনিটে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পাশাপাশি তিনি নিহত প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে ৫০ লাখ টাকা এবং আহতদের উন্নত চিকিৎসা ও ৩০ লাখ টাকা করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ আহ্বান জানান তিনি। 

শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কয়েক বছর ধরে ঢাকাসহ সারাদেশে ভয়াবহ বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডে শত শত মানুষ মৃত্যুবরণ করেছেন এবং ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনলে দুর্ঘটনা এড়ানো যেত। মানুষের জীবনের মূল্য যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেখার কেউ নেই। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এর জবাবদিহি থাকত। সরকারের দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, যার কারণে বাড়িঘর, বহুতল ভবন, শিল্পকারখানা ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনা একের পর এক বেড়ে চলছে। ঢাকা শহরের ৭০ শতাংশ ভবন রাজউকের উদাসীনতা ও দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতা বিরোধী দলের ওপর চাপানো একটি ব্যাধিতে পরিণত হয়েছে।

সরকার এ ব্যাধি থেকে বেরিয়ে এসে আসল ঘটনার সমস্যা সমাধানে এগিয়ে না এলে এর ভয়াবহ পরিণতি সরকাকে বহন করতে হবে। তিনি বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। বিজ্ঞপ্তি