মার্ক শেয়ার কেলেঙ্কারি আসামিদের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কেলেঙ্কারি মামলায় তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বাদী ও সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। আসামিরা হলেন মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার।

মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৯ এপ্রিল। গতকাল মামলাটির চার্জ গঠন শেষে ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। এদিকে মামলার বাদী বিএসইসির উপপরিচালক এএসএম মাহমুদুল হাসান ও সাক্ষী তৎকালীন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূঁইয়াকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। ২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটিসহ চারজনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন  উপপরিচালক আহমেদ হোসেন মামলা করেন। সিকিউরিটিজ অধ্যাদেশের ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।

এ মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন বিএসইসির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেনসহ ছয় কর্মকর্তা। অন্যরা হলেন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূঁইয়া, পরিচালক ফরহাদ আহমেদ, উপপরিচালক এটিএম তারিকুজ্জামান, উপপরিচালক শুভ্রকান্তি চৌধুরী ও উপপরিচালক সৈয়দ শফিকুল হোসেন।

জানতে চাইলে বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা শেয়ার বিজকে বলেন, ‘মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার কেলেঙ্কারির মামলাটির চার্জ গঠন করা হয়েছে। একই সঙ্গে এ মামলার তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।