বেলাবতে পাঁচ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিল্পমন্ত্রী

প্রতিনিধি, নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদীর বেলাবতে পাঁচটি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলোর মধ্যে ‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় চারটি সড়কের উন্নয়নকাজ এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় একটি সড়ক রয়েছে। গতকাল বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কগুলো হলো (১) চর উজিলাব বাবৈচা- বেলাব ডিসি রোড ভায়া তানিয়া মেম্বারের বাড়ি- নয়নের বাড়ি পাকা রাস্তা (৮০০ মিটার), (২) সীমের গোপাট- চরলক্ষ্মীপুর প্রাইমারি স্কুল রাস্তা (৫০০ মিটার), (৩) টানলক্ষ্মীপুর নুরু ফকির মাজার- রঙ্গার বাড়ি রাস্তা (১ কিমি.), (৪) বীরবাঘবে রেনু মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ ধুরু স্কুল ভায়া ইদ্রিস সিদ্দকের বাড়ি (১ কিমি.)  এবং বেলাব বাজার- দুলালকান্দি রাস্তা (৩.০৯ কিমি.)।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, কভিডকালীন সময়েও আমরা বসে থাকিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন যেমন হচ্ছে তেমনি নতুন নতুন কর্মসংস্থান ও শিল্পায়ন বৃদ্ধির চেষ্টা করছি।

শিল্পমন্ত্রী বলেন, নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দিয়েছি। এটা অনুমোদনের জন্য একনেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে, এটি বেলাব তথা নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে ভূমিকা রাখবে।