প্রতিনিধি, রাবি: পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ২৫ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এসব উপকরণ বিতরণ করে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব। শিক্ষা উপকরণের মধ্যে ছিল বই, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, কাটার, পেন্সিল বক্স ইত্যাদি।
ক্লাবের সভাপতি হিয়া মুবাশ্বিরার সঞ্চলনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, পদ্মা সেতু আমাদের জন্য গৌরবের প্রতীক। এই সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব বাচ্চাদের শিক্ষা উপকরণ বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে বুঝিয়েছেনÑ‘আমরাও পারি।’ উন্নয়নের মূল শর্তই হচ্ছে যোগাযোগ। আমরা উন্নতির মহাসড়কে উঠেছি। এখন যদি যোগাযোগ ংংব্যবস্থার উন্নতি না করতে পারি, তাহলে দেশের উন্নয়নের ধারা আমরা ধরে রাখতে পারব না।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, খরস্রোতা পদ্মার বুকে এই সেতু শুধু ইটের একটি সেতু নয়, এটি আমাদের জন্য আত্মমর্যাদা ও আত্মপ্রত্যয়ের প্রতীক। এই বাধা-বিপত্তির পরও পদ্মা সেতু আজকে যে সম্পূর্ণ রূপ পেয়েছে, তা থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি, তা হলোÑআমরা যদি কোনোকিছু দৃঢ়ভাবে চাই, তাহলে তা অবশ্যই বাস্তবায়ন করতে পারি।
এ সময় অধ্যাপক ড. আসাবুল হক, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ও ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




