সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার বিজ ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড। প্রায় প্রতি মাসে সুদহার বাড়াচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় আবার সুদহার বাড়াল ফেড। কেন্দ্রীয় ব্যাংক শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদহার বাড়ানোর অনুমোদন দিয়েছে। খবর: বিবিসি।

ফেডের বর্তমান সিদ্ধান্তের ফলে ঋণের বিপরীতে সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৫ শতাংশে থেকে ৪ শতাংশে, যা ২০০৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

কভিড-১৯ মহামারির পর ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকে মূল্যস্ফীতি। তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতির পথে হাঁটছে।

ফেড জানিয়েছে, সুদহার নতুন করে শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্টে বাড়ানো হয়েছে। ফলে সুদহার বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি অর্থনীতি মন্থর ও মূল্যস্ফীতি কমিয়ে আনবে। গত মাসের শেষের দিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিল ফেড। তখন বলা হয়, ব্যাংক ঋণের সুদহার বাড়তে পারে ৭৫ বেসিস পয়েন্ট এবং ২ নভেম্বর নতুন সুদহার ঘোষণা করার কথা জানানো হয়।

সমালোচকরা বলছেন, সুদহার বড়ানোর ফলে অর্থনৈতিক মন্দার ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, সুদহার আরও বাড়তে পারে।

এর আগেও বেশ কয়েকবার সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সারাবিশ্বে এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি। তাই প্রায় সব দেশ যুক্তরাষ্ট্রের দেখানো পথে হাঁটছে।

চলতি বছরে এখন পর্যন্ত তিন দফা সুদহার বাড়াল ফেড। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন দেশটির অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকায় এ মুহূর্তে সুদহার বাড়ানোর যৌক্তিকতা নেই বলে মনে করেন তাদের অনেকে।