রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ১১ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক বৈধ পথে রেমিট্যান্স আনতে প্রচেষ্টা চালায় দেশের ব্যাংকগুলো। তাদের এ অবদানের জন্য দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বিশেষায়িত ব্যাংকসহ ১১টি ব্যাংকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংক।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)’ এ রেমিট্যান্স অ্যাওয়ার্ড বিতরণ করে। সংগঠনটি ‘বাংলাদেশের বাইরে ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ব্যাংকগুলোর প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং লন্ডন ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরী।