শেয়ার বিজ ডেস্ক :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলের মাঠে কাজ করারত অবস্থায় বজ্রপাতে এক যুবক নিহতসহ অপর একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালি ফসলের মাঠে বজ্রপাতের ঘটনায় নিহত মোজাম্মেল মিয়া (৩৩) গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার সোনাতলা গ্রামের মোজাম্মেল, কাইয়ুমসহ অন্যরা স্থানীয় ঝামারবালি ফসলের মাঠে জমিতে কাজ করতে যায়। এ সময় জমিতে কাজ করার সময় মোজাম্মেল মিয়া ও কাইয়ুম মিয়া বজ্রপাতে আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল মিয়াকে মৃত ঘোষণা করেন। একই গ্রামের অপর যুবক কাইয়ুম মিয়া (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, গোয়ালনগর ইউনিয়নে বজ্রপাতে আহত দুইজনের মধ্যে মোজাম্মেল নামের যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। কাইয়ুম নামে আরেক যুবক বর্তমানে চিকিৎসাধীন আছেন
ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক (১৬) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পাশের সিমের খাল নামক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ওমর ফারুক হলেন, ওই ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে এবং সে জয়শ্রী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহতরা হলেন, একই গ্রামের কৃষক কালাচাঁন মিয়া (৬৫), কৃষক আবুল কাশেম (৫০) ও শাহিন মিয়া (১৩)। তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মারা গেছেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।




