মাস্ক-জাকারবার্গের লড়াই, প্রাপ্ত আয় যাবে দাতব্য প্রতিষ্ঠানে

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের সঙ্গে খাঁচার মধ্যে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা সামাজিক মাধ্যম ‘এক্স’ প্লাটফর্মে (সাবেক টুইটার) লাইভ স্ট্রিম করা হবে। খবর: রয়টার্স।

এই লড়াই থেকে যা আয় হবে তা প্রবীণদের দাতব্যে সংস্থায় দান করা হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

গতকাল রোববার এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় ইলন মাস্ক বলেন, মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রস্তাবিত ‘কেজ ফাইট’ (খাঁচার মধ্যে লড়াই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাইভ স্ট্রিম করা হবে। তবে কবে কখন দুই জনের মধ্যে লড়াই হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে আরেক বার্তায় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছিলেন মাস্ক। সারাদিন ভারোত্তোলন করছেন তিনি। এজন্য নিজের কাজ করার সময় পাচ্ছেন না বলেও তিনি জানান।

তবে তবে মাস্কের পোস্টের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি মেটা।

মূলত লড়াইয়ের ঘটনার সূত্রপাত টেসলার সিইও ইলন মাস্কের একটি পোস্টের মাধ্যমে। গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় ইলন লেখেন, জাকারবার্গের সঙ্গে কেজ ফাইট ম্যাচের জন্য প্রস্তুত তিনি।

তিনি আরও বলেন, জাক বনাম মাস্কের লড়াই এক্সে লাইভ হবে। এখান থেকে প্রাপ্ত আয় প্রবীণদের জন্য ব্যয় করা হবে। এর জবাবে মেটার সিইও জাকারবার্গ তার ইনস্টাগ্রামে মাস্কের টুইটের একটি স্ক্রিনশট প্রকাশ করে লেখেন, আমাকে স্থানের নাম পাঠাও।

এর প্রত্যুত্তরে ইলন মাস্ক বলেন, ভেগাস অক্টাগন। অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় ব্যবহƒত একটি খাঁচাবিশিষ্ট মঞ্চ। সাধারণত নেভাদার লাস ভেগাসে হয় এ প্রতিযোগিতা। এবার দেখার বিষয় কবে ও কখন লড়াইয়ে নামেন সামাজিক মাধ্যমের এই দুই মোগল।