টাটার শেয়ারে উত্থান ৫২ সপ্তাহে সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর চলতি বছরে সন্তোষজনক অবস্থানে রয়েছে। দেশটির অন্যতম টাটা স্টিলের শেয়ারদরও রয়েছে এ তালিকায়। খবর: ইকোনমিক টাইমস।

চলতি মাসের শুরু থেকে টাটা স্টিলের শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল সোমবার সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ট্রেডে তাদের শেয়ারদর প্রায় ৪ শতাংশ বেড়ে হয় ১৩৩ টাকা। এটি কোম্পানিটির শেয়ারের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মূল্য।

ভারতে সামগ্রিকভাবে এই খাতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এর শেয়ারদর বেড়েছে। ভারত, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাটা স্টিলের শাখা রয়েছে। তাদের শেয়ারদর ছয় সেশনে প্রায় ১২ শতাংশের বেশি বেড়েছে।

এদিন সকালের ট্রেডে এনএসইতে টাটা স্টিলের শেয়ারগুলোয় বিপুল ক্রয় দেখা গেছে। প্রায় ১ দশমিক ২২ কোটি শেয়ারে ট্রেড হয়েছে। এ হিসাবে শীর্ষ নিফটি ৫০ স্টকগুলোর মধ্যে অন্যতম ছিল টাটা স্টিল।

অ্যানজেল ওয়ানের অমর দত্ত সিং বলেন, আবাসন খাতে ফের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এ কারণে ইস্পাতের চাহিদা বাড়ছে।

আইসিআইসিআই সিকিউরিটিজ জানায়, সম্প্রতি ভারতের রপ্তানি মূল্য সাপ্তাহিক হিসাবে প্রতি টনে ১০ মার্কিন ডলার বেড়েছে। যদিও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইস্পাতের সামগ্রিক দাম স্থিতিশীল ছিল।

ভারতে হট রোলড কয়েলের দাম প্রতি টনে ২৭০ রুপি বেড়েছে। লং স্টিল প্রোডাক্টের ক্ষেত্রে ইস্পাত উৎপাদনকারীরা মাসে তৃতীয়বার দাম বাড়িয়েছে। ব্রোকারেজ হাউসগুলোর মতে, নির্মাণকাজ ফের শুরু হওয়ায় রিবারের দাম আরও বাড়বে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ সালের দ্বিতীয়ার্ধে ইস্পাতের চাহিদা আরও বৃদ্ধি পেতে পারে।

প্রসঙ্গত, নিফটি মেটালের সূচক গত সপ্তাহেও টপ গেইনারদের তালিকায় ছিল। এই সূচক প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এই সূচকের ১২টি শেয়ারদর প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ১৫টি স্টক সবুজে ট্রেড করেছে।