চীনে কারখানায় রোবট ব্যবহার বেড়েছে

শেয়ার বিজ ডেস্ক: চীনে বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহƒত হচ্ছে। এই হিসাবে দেশটি শিল্প কারখানায় রোবট ব্যবহারে জার্মানিকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক রোবটিকস ফেডারেশন (আইএফআর) থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর: রয়টার্স। রোবট ব্যবহারের দিক থেকে দক্ষিণ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। সেখানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ১ হাজার ১২টি রোবট ব্যবহƒত হচ্ছে। সিঙ্গাপুর এবং চীন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। চীনে বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহƒত হচ্ছে, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণের বেশি। এদিকে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪২৯টি রোবট ব্যবহার করে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। তবে জার্মানিতে রোবট ব্যবহারের সংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর ৫ শতাংশ।
আইএফআরের সভাপতি তাকায়ুকি ইতো বলেন, চীন স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং রোবট ব্যবহারে তৃতীয় স্থানে পৌঁছেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের রোবট শিল্প দ্রুত বিকশিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম রোবট সরবরাহকারী দেশ। ২০২২ সালে চীনের রোবট শিল্পের অপারেটিং আয় ছিল ১৭ হাজার কোটি ইউয়ানের বেশি; উত্থাদিত শিল্প রোবটের সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার সেট। তখন উৎপাদিত পরিষেবা সংশ্লিষ্ট রোবটের সংখ্যা ছিল ৬৪ লাখ ৫৮ হাজার ইউনিট। চীনের রোবট শিল্পের দ্রুত বিকাশের পাশপাশি পাল্লা দিয়ে বিভিন্ন দেশে চীনা রোবটের রপ্তানিও বাড়ছে। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, ২০২৩ সালে চীনের শিল্প রোবট রপ্তানি বৃদ্ধি পায় ৮৬ দশমিক ৪ শতাংশ। অর্থনীতিতে চীনের এই অগ্রগতি জার্মানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ অতীতে জার্মানি তার শিল্পভিত্তিক প্রবৃদ্ধি এবং রপ্তানির ওপর নির্ভরশীল ছিল। তবে বর্তমানে চীনসহ অন্যান্য দেশের প্রতিযোগিতার মুখোমুখি হওয়া জার্মানি আগামী বছর অর্থনৈতিক সংকোচনের সম্মুখীন হতে যাচ্ছে, যা গ্রুপ অব সেভেন (জি৭) দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থান হতে পারে।