প্রতিনিধি, সাভার: প্রডাকশন বেইজড শ্রমিকদের কাজের মজুরি বৃদ্ধি, আইনানুযায়ী ছুটির টাকা ও ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকায় এসব দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে উলাইল এলাকায় অবস্থিত ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
এসময় শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
এসময় সড়ক থেকে সড়ে গেলেও উত্তেজিত শ্রমিকদের একটি অংশ মহাসড়ক সংলগ্ন আনলিমা টেক্সটাইল লিমিটেড নামক আরেকটি কারখানা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় হামলাকারী দু’জন নারী শ্রমিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আনলিমা টেক্সটাইলের লোকজন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সোয়েটার কারখানাটিতে অধিকাংশ শ্রমিক প্রোডাকশন বেইজড কাজ করেন। মালিকপক্ষ সম্প্রতি কোন নোটিশ ছাড়াই প্রতি পিস কাজের বিপরিতে শ্রমিকদের কম মজুরি প্রদান করছে। এছাড়াও নিয়মানুযায়ী শ্রমিকদের ছুটির টাকা ও ঈদ বোনাস প্রদান করেনা কারখানাটি। এসব দাবিতে গত কয়েকদিন যাবত শ্রমিকরা মালিকের সাথে কথা বলার দাবিতে আন্দোলন করে আসছিল। আজ সকাল ৮টায় মালিকপক্ষ শ্রমিকদের সাথে আলোচনার সময় নির্ধারণ করলেও সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন কারখানা বন্ধ। পরে প্রথমে উত্তেজিত শ্রমিকরা কারখানা সংলগ্ন আঞ্চলিক সড়ক ও পরে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আকলিমা নামে কারখানাটির একজন লিংকিং অপারেটর বলেন, আগে যেই কাজের মজুরি ২৬ টাকা দেওয়া হতো, এখন সেটিতে দেওয়া হয় ২১ টাকা। পিস প্রতি যেই কাজের জন্য ২৩ টাকা রেইট ছিল, সেটি এখন ১৬ টাকা। দিনে দিনে কাজের রেইট বাড়ে, কিন্তু আমাদের কারখানায় রেইট কমিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ছুটির টাকা ও ঈদ বোনাসও নিয়মানুযায়ী না দিয়ে তুলনামূলক কম দেওয়া হয় আমাদের। এসব বিষয়ে আমরা বারবার মালিকের সাথে সরাসরি কথা বলার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু মালিক কথা বলছে না। আজ সকালে কথা বলার কথা বলে কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাধ্য হয়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছি আমরা।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা শ্রমিকদের দাবিগুলো শুনলাম যদিও তা যৌক্তিক মনে হয়নি। পরবর্তীতে সেনাবাহিনীসহ আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করলে মালিকপক্ষ অঙ্গিকার করে তারা শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনায় বসবে। এই অঙ্গিকারের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে যায়।
তিনি আরও বলেন, মহাসড়ক থেকে সড়ে গেলেও শ্রমিকদের একটি অংশ আনলিমা টেক্সটাইলে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করেছিল। সেসময় আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই, পাশাপাশি দু’জন নারী শ্রমিককে আনলিমার লোকজন আটক করেছিল, আমরা তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি।
আগামীকাল দুপুর ২টায় শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।




