দিরাইয়ে তুচ্ছ ঘটনায় যুবক খুন

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের (সুলফি) আঘাতে যুবক খুন হয়েছেন। উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবক প্রান্ত দাস বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে।

নিহতের স্বজন ও থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে শাকিল। ধান ওঠানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির সময় শাকিল পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। পরে সুলফি হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে সুলফি দিয়ে আঘাত করে উত্তেজিত যুবক শাকিল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রান্ত দাস। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দাসকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।