আশুলিয়ায় দিন-দুপুরে যুবককে হত্যা

প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় রুবেল মণ্ডল নামে এক ব্যক্তিকে দিন-দুপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়ার নায়েব আলী মণ্ডলের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমীন মণ্ডলের ভাই।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দু-এক ঘণ্টা আগে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল মণ্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হতে পারে তা জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যার কারণ এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।