নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি পাঁচ লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ আট হাজার ৯৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি পাঁচ লাখ ডলার বা এক হাজার ২৮১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্সের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৭৩ কোটি পাঁচ লাখ ডলার। আগের বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে ২২ শতাংশের বেশি রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
২০২৪ সালের জুলাই থেকে গত ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৯৭২ কোটি ডলার। ওই সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশের বেশি।
চলতি আর্থিক বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। মার্চ মাসে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে দেশে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনও আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার রোধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমেছে, যে কারণে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এ ছাড়া গত রমজানে প্রবাসীরা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠিয়েছেন। আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করেও রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার।
২০২৪-২৫ আর্থিক বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।




