প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় শ্যামনগরে নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তার নাম সিপাহি আবু সালেহ আহম্মেদ। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে। তিনি সাতক্ষীরার নীলডুমুরে বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সিপাহি আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকাল ৬টা ৫০ মিনিটে ভাড়া বাসায় শোবার ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।




