বোনাস লভ্যাংশ দেয়ার অনুমতি পেয়েছে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। এছাড়া কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৭ মে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।

কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৮০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮৯ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২৫টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪০ শতাংশ, সরকারি ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৫৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ার।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সা (পুনর্মূল্যায়নসহ) ও ১৬ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়ন ব্যতীত)। ঘোষিত এই লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২ জুন বেলা সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছে।