নিজস্ব প্রতিবেদক: নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৬ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই দুই পণ্য ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এ জন্য ১০টি লটে দরপত্র আহ্বান করা হয়, যেখানে প্রতি লটে ছিল ১০ লাখ লিটার করে তেল।
দরপত্র প্রক্রিয়া শেষে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড ও শবনাম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে রেসপনসিভ দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার তেল প্রতি লিটার ১৮৫ টাকা ৯৫ পয়সা দরে এবং শবনাম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫০ লাখ লিটার তেল প্রতি লিটার ১৮৫ টাকা ৯০ পয়সা দরে কেনা হবে। এতে সয়াবিন তেল কিনতে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ লিটারের ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।
এছাড়া একই বৈঠকে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। ১০টি লটে দরপত্র আহ্বানের বিপরীতে ২৯টি প্রস্তাব জমা পড়ে। প্রতিটি লটে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয় কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড।
প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি কেজি ৭০ টাকা ৯৬ পয়সা দরে ৫০ কেজির বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭০ কোটি ৯৬ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ৩২ হাজার মেট্রিক টনের ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে। বর্তমানে টিসিবির গুদামে মজুত রয়েছে ৫ হাজার ৯৮৬ মেট্রিক টন মসুর ডাল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য প্রয়োজন হবে প্রায় ৬৪ হাজার ৫০০ মেট্রিক টন।
প্রিন্ট করুন











Discussion about this post