প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় কক্সবাজারে আশ্রয় নেয়া ইউসুফ (৩৯) নামের এক রোহিঙ্গা শরণার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত সেলিম হোসেন নামের একজনকে খালাস দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দিয়েছেন। সাজা পাওয়া আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ আগস্ট চট্টগ্রাম নগরীর বাকলিয়া শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকা থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়াসহ ইউসুফকে গ্রেপ্তার করে র্যাব। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post