শেয়ার বিজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে।
তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হচ্ছে।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন (রবিবার)।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
এ হিসাবে সাপ্তাহিক ছুটিসহ প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদরাসার নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত।
এছাড়া ছুটির আগে ২২ ও ২৩ মে এবং পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় মাদরাসা শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দীর্ঘ এ ছুটিকে ঘিরে ইতোমধ্যেই ঈদ ও অবকাশের প্রস্তুতি শুরু হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post