শেয়ার বিজ ডেস্ক: ভেনেজুয়েলার তেল খাতে ২০২৬ সালে প্রায় ১৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তেল শিল্পে পরিকল্পিত সংস্কার বাস্তবায়ন হলে এ বিনিয়োগ ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার রাজধানী কারাকাসে আয়োজিত এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেন, জ্বালানি খাতে রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণের কয়েক দশকের অবসান ঘটাতে প্রস্তাবিত একটি বিল সংসদে চূড়ান্তভাবে গৃহীত হলে বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে। এএফপি এ খবর জানিয়েছে।
রদ্রিগেজ দাবি করেন, ‘গত বছর তেল খাতে বিনিয়োগ প্রায় ৯০ কোটি ডলারে পৌঁছেছিল। চলতি বছরের জন্য ইতোমধ্যে ১৪০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’
তেল খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আয়োজিত জনপরামর্শ সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ হিসেবে আমাদের উৎপাদনের ক্ষেত্রেও একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হতে হবে।’
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর পরিবর্তে রদ্রিগেজকে ক্ষমতায় বসতে সমর্থন দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অপরিশোধিত তেলের সমৃদ্ধ ভাণ্ডার থাকা সত্ত্বেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। ২০০০-এর দশকের শুরুতে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩০ লাখ ব্যারেলের বেশি, সেখানে ২০২০ সালে তা নেমে আসে ইতিহাসের সর্বনিম্ন দৈনিক ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। পরবর্তী সময়ে উৎপাদন ধীরে ধীরে বেড়ে বর্তমানে দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেলে পৌঁছেছে।
জাতীয় পরিষদে উত্থাপিত হাইড্রোকার্বন বিল অনুযায়ী, ভেনেজুয়েলায় কার্যরত বেসরকারি তেল কোম্পানিগুলো এখন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর সঙ্গে যৌথ উদ্যোগে না গিয়েও সরাসরি তেল উত্তোলনের সুযোগ পাবে। এতদিন পিডিভিএসএ যৌথ উদ্যোগে সংখ্যাগরিষ্ঠ মালিকানা বজায় রাখার বাধ্যবাধকতা ছিল।
আইনপ্রণেতারা গত সপ্তাহে বিলটির প্রথম পাঠ অনুমোদন করেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্তভাবে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post