নিজস্ব প্রতিবেদক: কয়েক কার্যদিবসের টানা দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক প্রবণতা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামÑউভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর এবং লেনদেনের পরিমাণও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে ধীরগতির সংশোধন চললেও মঙ্গলবার বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক সক্রিয়। আতঙ্কমুক্ত লেনদেনের কারণে বাজারে তারল্যও বেড়েছে। ফলে দীর্ঘ ৯ কার্যদিবস পর আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও ফিরতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও বাজারে ইতিবাচক গতি থাকতে পারে।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২২৯ দশমিক ৯৫ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৭ দশমিক ৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ১৩ পয়েন্ট।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের দিক থেকেও ছিল বড় উল্লম্ফন। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৮৬ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। এদিন সিএসইতে মোট ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, ৬৭টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৭ দশমিক ১৪ পয়েন্টে উঠে আসে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশে প্রধান পুঁজিবাজার ডিএসই লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ৩৫ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড । কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড। এ ছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
প্রিন্ট করুন











Discussion about this post