নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রতিবারের মতো এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে। আজ বুধবার বিক্রি হবে ২৩ মের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকিট বিক্রি হবে বলে গতকাল মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট। ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে গত ৫ মে রেলওয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
ঈদুল ফিতরের মতো এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আর বেলা ২টায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের নির্ধারিতঅনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।
প্রিন্ট করুন











Discussion about this post