নিজস্ব প্রতিবেদক : পতনের পর ঊর্ধ্বমুখী ছিল দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দরও বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১১১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। তবে ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৮টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৫৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৪৫টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২২১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৩৫টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে একটি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল চারটি ফান্ড ও কোম্পানির দর।
জেড ক্যাটেগরির ৯৬টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ১৭টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২২টি ফান্ড ও কোম্পানির দর।
একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশিরভাগ ফান্ডের ইউনিটের দরও বেড়েছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র ২১টি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ছয়টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৯টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১৪ কোটি ১৪ লাখ ৪ হাজার ৬৬৬টি শেয়ার ও ইউনিট এক লাখ ৩৮ হাজার ৭৩৯ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ২১১টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টি কোম্পানি ও ফান্ডের শেয়ার দর বেড়েছে। এর বিপরীতে ৯৪টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর কমেছে। দিনশেষে ৩৪টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ লেনদেনে বড় ভূমিকা রেখেছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৫ লাখ টাকার। ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল – রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্রগতি ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই বিপুলসংখ্যক শেয়ারের দর বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে। সামনে বাজারের এই ইতিবাচক ধারা বজায় থাকে কিনা, সেদিকেই নজর থাকবে সবার।
প্রিন্ট করুন










Discussion about this post