নিজস্ব প্রতিবেদক : স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া গতকাল মঙ্গলবার স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১১০৯তম পর্ষদ সভায় যোগদান করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত সোমবার ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেন।
স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা পার্টনার।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য করপোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এর পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এর সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনসহ গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে আইএফআরএস, ইউএস জিএএপি, করপোরেট গভর্ন্যান্স, ট্রান্সফার প্রাইসিং এবং টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩-এর একজন রিভিউ কমিটির সদস্য ও ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেছেন।
পেশাদার সেবার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আইসিএবির ফ্যাকাল্টি সদস্য ও ট্যাক্স ও ল কমিটির সদস্য, আইসিএইডব্লিউর অনুমোদিত টিউটর এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০০৫) ও ফেলোশিপ (২০১০) এবং আইসিএইডব্লিউ থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০১৩) উপাধী অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ক্যাপলান, থাইল্যান্ড ও ওমানের কেপিএমজি, সেভরন এবং আইবিএফডির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও করপোরেট নেতৃত্বে একজন সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তার দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট এবং করপোরেট গভর্ন্যান্সে একটি সুদৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, আইএফআরএস এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সততার কারণে তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য পেশাদার হিসেবে পরিচিত।
প্রিন্ট করুন









Discussion about this post