নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি পালিত হবে। গতকাল সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ মঙ্গলবার হিজরি সনের ৭ম মাস রজবের ৩০তম দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরের দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি বুধবার।
শবেবরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
চাঁদ দেখা সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post