নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের দিন দেশের পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক কমেছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পতনে যায়। সকাল ১০টা ১৭ মিনিটে সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত নিম্নমুখী ধারাই বজায় থাকে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াসূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে নেমে আসে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা থেকে কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াসূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৯৩১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে নেমে এসেছে।
সিএসইতে মোট ২৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের ১৩ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় বেশি।
প্রিন্ট করুন











Discussion about this post