নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে পাঁচটি কোম্পানির মুনাফা বেড়েছে। অন্যদিকে দুইটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
বুধবার অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর মাধ্যমে প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, মুনাফা বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, পূবালি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)-এর। অন্যদিকে মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও রূপালি ইন্স্যুরেন্স-এর।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩০ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা।
ইস্টার্ন ব্যাংকের ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা। ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৮ শতাংশ। কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।
পূবালি ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। এ হিসাবে ব্যাংকটির ইপিএস বেড়েছে ২১ শতাংশ। কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭৭ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের ইপিএস বেড়ে হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৭ শতাংশ। এ সময় কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ইপিএস হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।
অন্যদিকে, বহুজাতিক কোম্পানি বিএটিবিসির প্রথম প্রান্তিকে ইপিএস কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৮৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস কমেছে ৩৪ শতাংশ। এ সময় কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সা।
রূপালি ইন্স্যুরেন্সের ইপিএস কমে হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস কমেছে ১৮ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সা।
প্রিন্ট করুন










Discussion about this post