শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার অদূরে পূর্বাচলস্থ জলসিঁড়ি গলফ ক্লাব-এ দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
পোশাক খাতের দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি জোরদারের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ। বিজিএমইএ স্পোর্টস কমিটির ডিরেক্টর ইন চার্জ শাহ রাঈদ চৌধুরীসহ সংশ্লিষ্ট পরিচালকদের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং ব্র্যান্ড পার্টনার, ক্রেতা, কূটনীতিক ও সদস্যদের মধ্যে আস্থা, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন।
টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে ৮০ জনেরও বেশি গলফার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিসহ বিজিএমইএ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যরাও খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন।
ফলাফল:
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বিজিএমইএ অ্যাপারেল ক্লাব কমিটির চেয়ারম্যান ও ফ্রেন্ডস স্টাইলওয়্যার লিমিটেডের এ.এম. মাহমুদুর রহমান চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন এরাইভাল ফ্যাশন লিমিটেডের শফিকুল ইসলাম। নারী বিভাগে দাদা ঢাকা লিমিটেডের মিসেস হ্যায়জাং ‘লেডিস উইনার’ নির্বাচিত হন।
এছাড়া ‘বেস্ট গ্রস’ হন অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের এএলএম নিশাত বিন জিয়া। অন্যান্য ক্যাটাগরিতে চট্টগ্রাম ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইলস লিমিটেডের নিয়াজ আহমেদ ভূঁইয়া ‘লঙ্গেস্ট ড্রাইভ’ এবং আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের সালাহ উদ্দিন আহমেদ (শামীম) ‘নিয়ারেস্ট টু দ্য পিন’ পুরস্কার অর্জন করেন।
খেলা শেষে অনুষ্ঠিত র্যাফেল ড্র-তে এএন্ডই-এর এঞ্জেলো লী নাগে প্রথম পুরস্কার জেতেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
বর্ণাঢ্য এ আয়োজন ‘পাওয়ার্ড বাই এএন্ডই’ এবং কো-স্পন্সর হিসেবে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এছাড়া স্যুভেনির পার্টনার হিসেবে আরগন ডেনিমস লিমিটেড ও ফ্লোরেন্স গ্রুপ, র্যাফেল ড্র পার্টনার হিসেবে হুরাইন এইচটিএফ লিমিটেড এবং কিট পার্টনার হিসেবে দৌড় যুক্ত ছিল।
প্রিন্ট করুন











Discussion about this post