শেয়ার বিজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের সব রুটে আবারও স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার কারণে সাময়িক বিঘ্নের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার প্রভাব পড়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়। অন্যান্য এয়ারলাইন্সের মতো ইউএস-বাংলার ফ্লাইট সূচিতেও তখন সাময়িক ব্যাঘাত ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংস্থাটি আবার পূর্ণমাত্রায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
এয়ারলাইন্সটি বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে দোহা-গামী ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহা অভিমুখে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকায় ফিরে আসবে।
ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট থাকলেও ফেরার পথে মাস্কাট থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে। পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই রুটেও ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
আবুধাবি রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা, যা প্রবাসীদের যাতায়াতে স্বস্তি এনে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে Boeing 737-800 এবং রিয়াদ ও জেদ্দা রুটে Airbus A330-300 উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।
বর্তমান রুটগুলোর পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
প্রিন্ট করুন











Discussion about this post