শেয়ার বিজ ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে ভেনেজুয়েলার তেল-বাণিজ্যের সঙ্গে আমেরিকার বিরোধী ব্লকের সঙ্গে সম্পর্ক এই উদ্বেগ বাড়িয়েছে বেশি। মূলত মাদক চোরাচালানকে উপলক্ষ করা হলেও আন্তর্জাতিক তেলবাণিজ্য যে মূল কারণ তা দিনদিন স্পষ্ট হচ্ছে।
প্রতিবেশী দেশ হয়েও চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে ভেনেজুয়েলার যে তেলবাণিজ্যÑএটাই মার্কিন হামলার মূল কারণ হিসেবে দেখছে বিশ্বগণমাধ্যম।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন বার্তা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভেনেজুয়েলা যদি তাদের নিজেদের রিজার্ভ থেকে পুনরায় তেল উত্তোলন শুরু করতে চায়, তবে তাদের প্রথম শর্ত হিসেবে চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নতুন তেলনীতির মূল লক্ষ্য হলো ভেনজুয়েলার অর্থনীতি থেকে এই দেশগুলোর প্রভাব পুরোপুরি মুছে ফেলা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ভেনজুয়েলাকে তাদের তেল উৎপাদনের ক্ষেত্রে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত করতে হবে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকাকেই অগ্রাধিকার দিতে হবে।
গত সপ্তাহে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভেনজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে দেশটিতে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও ট্রাম্প দাবি করেছেন, দক্ষিণ আমেরিকার এই দেশটির নিয়ন্ত্রণ এখন প্রকৃতপক্ষে তার হাতেই।
তবে ভেনজুয়েলার জন্য এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে তাদের তেলের সংরক্ষণাগার। মার্কিন অবরোধের কারণে তেল রপ্তানি করতে না পেরে গত ডিসেম্বরের শেষভাগ থেকেই ভেনেজুয়েলা তাদের তেলের কূপগুলো বন্ধ করতে শুরু করেছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, দেশটির বিদ্যমান তেল ট্যাঙ্কারগুলো এখন কানায় কানায় পূর্ণ এবং নতুন করে তেল রাখার কোনো জায়গা নেই। এই পরিস্থিতি রদ্রিগেজ সরকারের টিকে থাকাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের রুদ্ধদ্বার বৈঠকে জানিয়েছেন, ট্যাঙ্কারগুলো পূর্ণ হয়ে যাওয়ার ফলে ভেনেজুয়েলার হাতে এখন আর কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এই সংকটের মুখে ভেনেজুয়েলা তাদের শর্ত মানতে বাধ্য হবে। মার্কিন হিসাব অনুযায়ী, তেলের মজুত বিক্রি করতে না পারলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কারাকাস সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে।
এদিকে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার নিশ্চিত করেছেন, আমেরিকার মূল পরিকল্পনা হলো ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি তেলবাহী ট্যাঙ্কারও কিউবার রাজধানী হাভানায় যেতে দেওয়া হবে না। মার্কিন সরকার বর্তমানে ভেনেজুয়েলার তেলের জাহাজ ও ট্যাঙ্কারগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে ট্রাম্প আরও দাবি করেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ প্রায় ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। যা চলমান বাজারমূল্যে বিক্রি করা হবে। ট্রাম্পের মতে, এই বিক্রয়লব্ধ অর্থ তার নিয়ন্ত্রণেই থাকবে।
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আরেকটি কারণে নিয়ন্ত্রণ নিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে বলে ধারণা করছে বিশ্ব গণমাধ্যম। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা বিক্রি হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, মাদুরোর নেতৃত্বের প্রাথমিক বছরগুলোতে- ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৪.১৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৫.২০ বিলিয়ন ডলার) মূল্যের সোনা সুইজারল্যান্ডে গেছে। এর পরিমাণ অন্তত ১১৩ মেট্রিক টন।
সুইস সম্প্রচার মাধ্যম এসআরএফ জানিয়েছে, এই সোনা পাঠানোর উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, তখন দেশটির অর্থনীতি চরম সংকটের মুখে ছিল। মূলত সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার স্বর্ণের মজুত বিক্রি করে দেওয়ার পথ নেয়।
২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে- শুল্ক তথ্যানুসারে, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো সোনা রপ্তানি হয়নি।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছিল। এরপর দেশটিকে ঘিরে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। গত শনিবার আকস্মিক অভিযান চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং মাদক-সন্ত্রাসবাদসহ নানা অভিযোগের মুখোমুখি করা হয়।
মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের রাজনীতিবিদ ইয়াইর লাপিদ তেহরানকে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটছে, ইরানের শাসকগোষ্ঠীর তা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত।
প্রিন্ট করুন











Discussion about this post