নিজস্ব প্রতিবেদক: দেশে আরও চারটি তৈরি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় যুক্ত হয়েছে। এর ফলে দেশে পরিবেশবান্ধব বা গ্রিন ফ্যাক্টরির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪টিতে।
আজ রোববার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)-এর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদের বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানান।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল-এর লিড (LEED) সনদের মাধ্যমে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনা ও কারখানাকে স্বীকৃতি দেওয়া হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, বর্তমানে দেশের ২৮৪টি কারখানা এ স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে ১২১টি প্লাটিনাম, ১৪৪টি গোল্ড, ১৫টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এছাড়া, ৫৫০টিরও বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হওয়ার জন্য নিবন্ধন বা প্রক্রিয়াধীন রয়েছে।
নতুন করে স্বীকৃতি পাওয়া কারখানাগুলো হলো— পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড (চট্টগ্রাম), ওয়েলডান অ্যাপারেল লিমিটেড (গাজীপুর), এভারব্রাইট সোয়েটার লিমিটেড (সাভার) এবং সিয়াম কম্পিটরাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (গাজীপুর)।
এদিকে, বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের, যা এ খাতে দেশের অগ্রগতিরই প্রতিফলন। তুলনামূলকভাবে পাকিস্তানে রয়েছে সাতটি এবং ইন্দোনেশিয়ায় ছয়টি কারখানা।
প্রিন্ট করুন











Discussion about this post