শেয়ার বিজ ডেস্ক: সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা বিতরণে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ আগের মতোই তার জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের ফলে উন্মুক্ত ভাতা বিতরণ কার্যক্রমেও উপকারভোগীদের প্রথম পছন্দ হিসেবে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট ১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে নগদকে তাদের প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করেছেন। এ সময়ে বিভিন্ন খাতে নগদের মাধ্যমে মোট ৩ হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকার সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।
এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সর্বোচ্চ সংখ্যক উপকারভোগী নগদের মাধ্যমে ভাতা পেয়েছেন। এই খাতে ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে ২ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় ৪ লাখ ১২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থীর কাছে ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির ৫ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর জন্য বিতরণ করা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা।
কারিগরি শিক্ষা উপবৃত্তির আওতায় ১ লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী পেয়েছেন ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি হিসেবে ৩৮ হাজার ৫৫ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা।
অন্যদিকে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জন উপকারভোগীর কাছে পৌঁছেছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা। পাশাপাশি পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অর্থ বিতরণও একই সময়ে নগদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, “ভাতা, উপবৃত্তি ও সরকারি অনুদান বিতরণে নগদ সবসময়ই গ্রাহকের পছন্দের শীর্ষে থাকে। গ্রাহক ও সরকারের আস্থার জন্য আমরা কৃতজ্ঞ। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ফলেই নগদের প্রতি এই আস্থা তৈরি হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারের প্রায় ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করা হয়। চলতি অর্থবছরে এ অঙ্ক আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সহজলভ্য ক্যাশ আউট সুবিধা ও তুলনামূলক কম চার্জের কারণে শুরু থেকেই ভাতাভোগীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নগদ।
প্রিন্ট করুন











Discussion about this post