শেয়ার বিজ ডেস্ক: আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কর প্রশাসনে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর ফলে বাজারে সিগারেটের দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আজ (২৫ এপ্রিল) শনিবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান। আলোচনায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)সহ বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। তামাক খাতের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, করহার বাড়ানো না হলেও কর আদায় ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হবে। এতে রাজস্ব আহরণে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে এবং কর ফাঁকি কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাজারে একটি সমতাভিত্তিক প্রতিযোগিতা পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হবে।
আলোচনায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা করনীতির স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, পূর্বানুমানযোগ্য নীতিমালা ব্যবসা পরিচালনায় সহায়ক এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় আরও উল্লেখ করা হয়, করহার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণ রাজস্ব বৃদ্ধির একটি কার্যকর কৌশল হতে পারে। বর্তমানে বিপুল সংখ্যক টিআইএনধারী থাকলেও উল্লেখযোগ্য অংশ নিয়মিত রিটার্ন জমা দিচ্ছে না, যা রাজস্ব আহরণে সীমাবদ্ধতা সৃষ্টি করছে।
ব্যবসায়ী নেতারা কর কাঠামো সহজীকরণ, ভ্যাট ব্যবস্থার সংস্কার এবং নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন। তাদের মতে, একটি স্বচ্ছ, আধুনিক ও স্থিতিশীল করব্যবস্থা শিল্পখাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করবে এবং সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে।
প্রিন্ট করুন









Discussion about this post