নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রয়াত মায়ের নামে থাকা মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের মূল্য ১৮ কোটি টাকার বেশি। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত তথ্যের মাধ্যমে পৃথকভাবে এই শেয়ার হস্তান্তরের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, মন্ত্রীর মা হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। তিনি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং গ্রুপের তিনটি প্রতিষ্ঠানÑমুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের উদ্যোক্তা পরিচালক ছিলেন। মৃত্যুর আগে তিনি তার কন্যা আফরোজা খানমকে এসব শেয়ারের উত্তরাধিকার মনোনীত করে যান। সেই অনুযায়ী তার মৃত্যুর পর শেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর নামে হস্তান্তর করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে স্থানান্তর করা হয়েছে। বুধবারের বাজারদর অনুযায়ী এসব শেয়ারের সম্মিলিত মূল্য প্রায় ১৮ কোটি ১৭ লাখ টাকা।
প্রিন্ট করুন











Discussion about this post