নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন। গত বুধবার তিনি নতুন গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের দিনে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে আহসান উল্লাহ অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হন। সেদিন তিনি মবের মুখে পড়েন এবং ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুর্ব্যবহার অনুভব করেন। এর পর থেকে তিনি অফিসে উপস্থিত হননি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ওই দিন বিকালে দাপ্তরিক গাড়িতে ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করে মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় চলে যান। তিনি লিখেছেন, ‘এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পর গভর্নরের উপদেষ্টার মতো সম্মানজনক পদে দায়িত্ব পালন করা আমার জন্য আর স্বাচ্ছন্দ্যকর নয়।’
নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র ২৫ ফেব্রুয়ারি থেকে ৩০ দিন পর কার্যকর হবে। আহসান উল্লাহ অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা। অবসরের পর তিনি একাধিকবার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের সময় কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য পুনরায় তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
দায়িত্বকালে আহসান উল্লাহ পদোন্নতিতে পরীক্ষাপদ্ধতি চালু, জনবল কাঠামো পুনর্বিন্যাস এবং কর্মমূল্যায়ন আধুনিকায়নসহ একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। তবে এসব পদক্ষেপের কারণে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে কিছু অসন্তোষও তৈরি হয়েছিল। পদত্যাগপত্রে তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রিন্ট করুন









Discussion about this post