নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ১৫ মে, ১৬ মে ও ২০ মে—এই তিন দফায় সোনার দাম মোট ৮ হাজার ৭৪৭ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ গত ২০ মে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা অপরিবর্তিত রয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post