স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়বে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। কভিড মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হয়েছে। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এদিকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি।

তিনি জানান, আগামী বছর (২০২২ সাল) প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বিষয়বস্তু থাকবে ‘স্বাধীনতার ৫০ বছর’।