সাভারে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ১২ ঘণ্টা পর মাছের ঘেরে পাওয়া গেল তাদের মরদেহ। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি মাছের ঘের থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত লিমন হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করতো।

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তারা।

আশুলিয়া থানার এসআই সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।