নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার এখন বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে “ক্রিয়েটিভ ইকোনমি” বা সৃজনশীল অর্থনীতি বিকাশে গুরুত্ব দিচ্ছে। দেশের ঐতিহ্যবাহী কামার, কুমার, তাঁতি ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীকে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
আজ রোববার (১০ মে) রাজধানীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ‘RAISE-2’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দেশের প্রান্তিক ও ঐতিহ্যবাহী পেশাজীবীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্থনীতিতে অবদান রাখলেও তারা এখনো কাঙ্ক্ষিত উন্নয়নের বাইরে রয়ে গেছে। সরকার এ অবস্থার পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।”
তিনি আরও বলেন, সরকার চায় এসব জনগোষ্ঠী শুধু উৎপাদনে সীমাবদ্ধ না থেকে ডিজাইন, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাক। তাদের পণ্যকে বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সৃজনশীল অর্থনীতিকে সামনে রেখে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা ও আর্থিক সহায়তার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফান্ডিং সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং অনলাইন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, “অর্থনৈতিক উন্নয়ন শুধু বড় প্রকল্পের মাধ্যমে নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় যুক্ত করার মাধ্যমেও সম্ভব। এজন্য সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সামাজিক খাতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। তিনি পিকেএসএফের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটির ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফের ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ‘RAISE’ প্রকল্পের তৃণমূল পর্যায়ের অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও জীবন পরিবর্তনের গল্প তুলে ধরেন।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অ্যাক্টিং ডিভিশন ডিরেক্টর ড. গেইল এইচ মার্টিন বলেন, “বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে পিকেএসএফের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাস্তবায়নে পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকির আহমেদ খান। তিনি বলেন, পিকেএসএফ দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে এবং নতুন প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
প্রিন্ট করুন











Discussion about this post