শেয়ার বিজ ডেস্ক: ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন আর গ্রাহকদের ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে সহজে এই অর্থ পরিশোধ করা যাবে।
আজ বুধবার (৬ মে) বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে নগদ। রাজধানীর ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার স্বাক্ষর করেন। নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতাধীন সব ধরনের পলিসি—আজীবন, মেয়াদি, নির্দিষ্ট ও বিবাহ বীমার কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
১৮৮৮ সালে চালু হওয়া দেশের অন্যতম প্রাচীন এই বীমা সেবার প্রায় দুই লাখ গ্রাহক রয়েছে। এতদিন নির্ধারিত সময়ের মধ্যে ডাকঘরে গিয়ে কিস্তি জমা দিতে হতো। নতুন ব্যবস্থায় গ্রাহকেরা নগদ অ্যাপের ‘বিল পে’ অপশন ব্যবহার করে যেকোনো সময় প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
কাজী আসাদুল ইসলাম বলেন, ডাক জীবন বীমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সময় সাশ্রয় হবে। একই সঙ্গে সরকারি সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে বীমা সেবায় স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত হবে।
প্রিন্ট করুন











Discussion about this post