নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থবির হয়ে পড়া শিল্পকারখানাগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বুধবার দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মুখপাত্র জানান, গভর্নর দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা পুনরায় চালুর বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় বাড়ানো হবে। এতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে আগের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রশংসা করেন গভর্নর। সেই ভিত্তিকে শক্তিশালী করে অর্থনীতিতে গতি ফেরানোই এখন অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারদর স্থিতিশীল রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগে বাধা হয়ে দাঁড়ানো উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার প্রতিশ্রুতি দেন গভর্নর। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
প্রিন্ট করুন











Discussion about this post