নিজস্ব প্রতিবেদক: দেশে হাম রোগের বিস্তার ঠেকাতে আক্রান্ত রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়-এ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটিতেও চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় কোনো ডাক্তার বা নার্সের ছুটি হবে না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।”
হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পরও শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না যে কেউ আক্রান্ত হবে না। তবে টিকা রোগের ঝুঁকি ও জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কিছু ক্ষেত্রে টিকাপ্রাপ্ত শিশুও আক্রান্ত হতে পারে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ।
ঈদের সময় আক্রান্ত শিশুদের নিয়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিশুদের ভিড়পূর্ণ স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে বাস, ট্রেনসহ গণপরিবহনে যাতায়াত এবং সামাজিক মেলামেশা বাড়লে সংক্রমণ আরও বাড়তে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রিন্ট করুন









Discussion about this post