নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এইচএসবিসি বাংলাদেশ ও দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম্জে গ্রুপ। ব্যবসায়িক লেনদেনের জন্য প্রথমবারের মতো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশন চালু করে দুই প্রতিষ্ঠান একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ঢাকায় এইচএসবিসির ম্যানেজমেন্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজন উদ্ভাবন, দক্ষতা এবং গ্রাহককেন্দ্রিক ট্রেড ফাইন্যান্স সমাধান প্রদানে দুই প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এপিআই প্রযুক্তি ব্যবহার করে এমঅ্যান্ডজে গ্রুপের অভ্যন্তরীণ সিস্টেম এবং এইচএসবিসির ট্রেড প্ল্যাটফর্মের মধ্যে রিয়েল-টাইম সংযোগ স্থাপন করা সম্ভব হবে। এর ফলে ট্রেড প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষ হবে। ম্যানুয়াল কাজ কমবে, লেনদেন সম্পন্ন হওয়ার সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
চুক্তি প্রসঙ্গে এমঅ্যান্ডজে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ তাদের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করবে।
অন্যদিকে, এইচএসবিসি সাউথ এশিয়ার গ্লোবাল ট্রেড সলিউশন্স প্রধান মোহিত আগারওয়াল বলেন, ভবিষ্যতের বাণিজ্যনির্ভর করবে স্মার্ট, নিরবচ্ছিন্ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার ওপর। এপিআই ইন্টিগ্রেশন সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশন্সের কান্ট্রি হেড আহমদ রাবিউল হাসান বলেন, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল সমাধান প্রদানের ধারাবাহিকতারই অংশ এবং এটি দেশের বাণিজ্য খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।
অনুষ্ঠানে এমঅ্যান্ডজে গ্রুপের পরিচালক মাহির দাইয়ান আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগটি বাংলাদেশে এপিআই-নির্ভর ট্রেড ইন্টিগ্রেশনের অন্যতম প্রথম বাস্তবায়ন, যা ভবিষ্যতে শিল্প খাতে ডিজিটাল বাণিজ্য সমাধান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন








Discussion about this post