শেয়ার বিজ ডেস্ক: দেশের ডিজিটাল সেবাখাতে নতুন মাত্রা যোগ করেছে এআই-নির্ভর প্ল্যাটফর্ম ‘রাইজ’। একক প্ল্যাটফর্মে ChatGPT, DeepSeek ও Gemini-সহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল যুক্ত করে ব্যবহারকারীদের জন্য সহজ ও সমন্বিত সেবা চালু করেছে তারা।
এই উদ্যোগের ফলে ব্যবহারকারীদের আর আলাদা আলাদা অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। একটি প্ল্যাটফর্ম থেকেই লেখালেখি, কোডিং, গবেষণা কিংবা সমস্যা সমাধানের মতো বিভিন্ন কাজে প্রয়োজন অনুযায়ী এআই মডেল নির্বাচন করা যাবে। মাল্টি-মডেল সুবিধার কারণে এআই ব্যবহারে আসবে আরও স্বাচ্ছন্দ্য ও গতি।
নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতেই ১০ হাজার ফ্রি টোকেন দেওয়া হচ্ছে। যাদের ‘রাইজ’ নম্বর নেই, তারাও গেস্ট হিসেবে বিভিন্ন প্যাক কিনে সেবা নিতে পারবেন। ১০০ টাকা থেকে শুরু হওয়া সাশ্রয়ী প্যাকের মাধ্যমে নিয়মিত ব্যবহার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এসব প্যাকের আওতায় উচ্চক্ষমতার প্রো মডেল ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
এ বিষয়ে বাংলালিংক-এর চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আমাদের লক্ষ্য—সবার জন্য সেরা এআই টুলগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা। নতুন প্রজন্ম প্রযুক্তির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা চায় না। রাইজ সেই স্বাধীনতাই দিচ্ছে, যাতে মানুষ দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারে।”
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে তরুণদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা বাড়ছে এবং ডিজিটাল অর্থনীতির পরবর্তী ধাপে যেতে এ প্রযুক্তিকে সহজ ও ব্যবহারবান্ধব করা অত্যন্ত জরুরি। প্রায় ৪ কোটি ৬০ লাখ তরুণের দেশে ‘এআই১৪৪০’ উদ্যোগের আওতায় শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর ব্যবহার সহজ করে তুলেছে রাইজ।
২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকেই দ্রুত বহুমাত্রিক সেবা-প্রদানকারী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে রাইজ। শেখা, সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন টুলস ও ফিচার যুক্ত করা হয়েছে এতে।
টেলকো-নিরপেক্ষ হওয়ায় যেকোনো মোবাইল নেটওয়ার্ক থেকেই ব্যবহার করা যাবে এই অ্যাপটি। ফলে দেশের বিস্তৃত ব্যবহারকারী সহজেই আধুনিক এআই সেবার আওতায় আসতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন











Discussion about this post