নিজস্ব প্রতিবেদক: দেশের টেক্সটাইল শিল্পকে টেকসই ও প্রতিযোগিতাসক্ষম করতে শিল্পখাতকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শিল্পখাত সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থানও দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
আজ শনিবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার-এ আয়োজিত ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, সরকার নতুন করে রাষ্ট্রীয় মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসা পরিচালনায় ব্যক্তিখাতকেই এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি জানান, সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে।
তিনি বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম যুগোপযোগী করার ওপর জোর দেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পাঠ্যক্রম হালনাগাদের আহ্বানও জানান তিনি।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এর মাধ্যমে শিক্ষকের ঘাটতি কমবে, প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীরা বাস্তব শিল্প অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কস্ট অব ফান্ড এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বর্তমানে টেক্সটাইল খাতের বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। পাশাপাশি ম্যানমেইড ফাইবার, নতুন পণ্য উন্নয়ন ও ভ্যালু চেইনে উন্নয়নের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতামূলক করা হবে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আব্দুন নাসের খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ড. আব্বাসউদ্দীন শায়ক।
প্যানেল আলোচনায় অংশ নেন ব্লু প্লানেট-এর নির্বাহী পরিচালক কাজী মাসুম রাশেদ এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।
এছাড়া বক্তব্য দেন ডুয়েট-এর প্রফেসর ড. আব্দুস শহীদ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর শিক্ষার্থী রনি গাজী এবং সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট-এর সাবেক শিক্ষার্থী মো. কবির।
সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং টেক্সটাইল খাতের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
প্রিন্ট করুন









Discussion about this post