শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এ লক্ষ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশের উদ্দেশ্য কিউবার তথাকথিত অপরাধমূলক নীতি ও কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবায় তেল সরবরাহ করবে, তাদের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য কিউবার নীতি ও কার্যক্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা এবং কিউবায় যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করা।
এ আদেশ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক আরোপের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন কিউবার তেলের দীর্ঘদিনের প্রধান সরবরাহকারী ভেনেজুয়েলার তেল সরবরাহ কার্যত বন্ধের মুখে। একই সঙ্গে মেক্সিকোও সাময়িকভাবে কিউবায় তেল সরবরাহ স্থগিত করেছে।
এই পরিস্থিতিতে নতুন মার্কিন শুল্ক নীতি কিউবার জ্বালানি খাতে আরও সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রিন্ট করুন











Discussion about this post