শেয়ার বিজ ডেস্ক: হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য (হজযাত্রী) কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে, যা ক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মেসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের দেওয়া হবে।
এদিকে হজের সার্বিক প্রস্তুতি নিয়ে আশকোনায় হজক্যাম্পে গিয়ে তদারকি করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বৃহস্পতিবার রাত ৯টায় গিয়ে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।
আগামী ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই শেষ হবে।
প্রিন্ট করুন











Discussion about this post